তাহেরপুরে চুরির কিনারা, পুলিশের জালে ধৃত অভিযুক্ত, উদ্ধার গয়না
একটি চুরি মামলার তদন্তে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেল নদীয়ার তাহেরপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩০৫(এ) ধারায় একটি চুরির মামলা রুজু হয় (কেস নং–১৫৪/২৬)।
তদন্তে নেমে ১৬ এপ্রিল গোপন সূত্রে খবর পেয়ে ভবন রায় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তি তাহেরপুরের বিননগর লাইব্রেরি পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশের জেরায় অভিযুক্ত চুরির কথা স্বীকার করে এবং চুরি যাওয়া সামগ্রী কোথায় লুকিয়ে রাখা হয়েছে, সে বিষয়ে তথ্য দেয়। সেই সূত্র ধরেই সোমবার, ২০ এপ্রিল পুলিশ অভিযুক্তকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশি চালিয়ে একটি রুপোর চেইন এবং একটি জোড়া রুপোর পায়েল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং এর পিছনে কোনও সংগঠিত চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ভবন রায়কে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক অন্যান্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


