নবদ্বীপে বামেদের মহা মিছিল, জনসমাগমে উচ্ছ্বসিত সুজন চক্রবর্তী।


‘লাল ঝাণ্ডার প্রতি আকর্ষণ বাড়ছে’, বিপুল ভিড়ে আত্মবিশ্বাসী সিপিআইএম নেতৃত্ব
নিজস্ব সংবাদদাতা, নদিয়া:
নির্বাচনের মুখে নবদ্বীপে বামেদের ডাকে কার্যত জনস্রোতে পরিণত হল মহা মিছিল। সিপিআইএম প্রার্থী স্বর্ণেন্দু সিংহ রায়ের সমর্থনে আয়োজিত এই মিছিলে হাজার হাজার মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মতো। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে মিছিল এগোতেই রাস্তাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। লাল পতাকায় ঢেকে যায় গোটা এলাকা, শোনা যায় স্লোগানের গর্জন।
এই বিশাল সমাবেশে উপস্থিত ছিলেন সিপিআইএমের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী। জনসমাগম দেখে তিনি স্পষ্টই আশাবাদী সুরে বলেন, “মানুষ পরিবর্তন চাইছে, আর সেই পরিবর্তনের ভরসা হিসেবে বামেদের দিকেই এগোচ্ছে।” তাঁর দাবি, ক্রমশ লাল ঝাণ্ডার প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে এবং এই মিছিল সেই জনসমর্থনেরই প্রতিফলন।
সভা থেকে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও সরব হন সুজন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মহিলাদের নিরাপত্তা—সব ক্ষেত্রেই সাধারণ মানুষের অসন্তোষ বাড়ছে বলে দাবি তাঁর। পাশাপাশি রাজ্যের বহু মানুষ কাজের খোঁজে বাইরে যেতে বাধ্য হচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।
তৃণমূল কংগ্রেস ও বিজেপি—উভয় দলকেই একসঙ্গে আক্রমণ করে সুজনের বক্তব্য, “মানুষ বুঝে গিয়েছে এই দুই শক্তির মধ্যে পাল্টাপাল্টি লড়াইয়ের রাজনীতি আসলে পরিকল্পিত। এর বাইরে বিকল্প হিসেবে বামপন্থাই সামনে আসছে।”
ভোটের হার প্রসঙ্গেও তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ অনেক বেড়েছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে উচ্চ ভোটদানে। যদিও কিছু বিচ্ছিন্ন অশান্তির খবর মিলেছে, তবুও সামগ্রিকভাবে মানুষের অংশগ্রহণই এদিনের প্রধান বার্তা বলে মনে করছেন বাম নেতৃত্ব।
কৃষ্ণনগরে প্রধানমন্ত্রীর সভা প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানিয়ে সুজন চক্রবর্তী বলেন, সাধারণ মানুষ এখন প্রতিশ্রুতির চেয়ে বাস্তব কাজ দেখতে চাইছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং নাগরিকত্ব ইস্যুতে মানুষের উদ্বেগ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
সব মিলিয়ে নবদ্বীপের এই মহা মিছিলকে ঘিরে নির্বাচনের আগে বামেদের বাড়তি অক্সিজেন মিলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *