মানুষের মন জিতেই বাংলা জিততে হবে”—মমতার পাশে থাকার বার্তা,নবদ্বীপ থেকে বিজেপিকে নিশানায় তারকা সাংসদ দেবের।
“মানুষের মন জিতেই বাংলা জিততে হবে”—মমতার পাশে থাকার বার্তা,নবদ্বীপ থেকে বিজেপিকে নিশানায় তারকা সাংসদ দেবের।
নিজস্ব সংবাদ দাতাঃ নদীয়াঃ
ভোটের মুখে তীর্থনগরী নবদ্বীপ যেন পরিণত হল জনসমুদ্রের শহরে। বুধবার দুপুর আনুমানিক আড়াইটে নাগাদ দীপক অধিকারী (দেব) হেলিকপ্টারে অবতরণ করতেই স্বরূপগঞ্জ ভাগীরথী স্কুলের মাঠ জুড়ে শুরু হয় উন্মাদনা। সকাল থেকেই প্রখর রোদ উপেক্ষা করে হাজার হাজার মানুষের ভিড় জমেছিল প্রিয় তারকা-সাংসদকে এক ঝলক দেখার আশায়।
হেলিকপ্টার থেকে নামার পরই শুরু হয় তাঁর বহুল প্রতীক্ষিত রোড শো। ভাগীরথী স্কুল মোড় থেকে শুরু হয়ে নবদ্বীপ ঘাট রোড ধরে চর মাঝদিয়া, চরব্রহ্মনগর পঞ্চায়েত অফিস এলাকা পেরিয়ে দীর্ঘ পথ জুড়ে চলে এই প্রচার। রাস্তাজুড়ে মানুষের ঢল, ছাদ-ব্যালকনি ভরতি দর্শক, ফুলের বৃষ্টি আর স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। একাধিক জায়গায় ভিড় এতটাই বেড়ে যায় যে রোড শো কার্যত থমকে দাঁড়ায়।
প্রচার শেষে পুনরায় ভাগীরথী বিদ্যাপীঠের মাঠে ফিরে হেলিকপ্টারে উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেন দেব। তাঁর বক্তব্যে উঠে আসে বাংলার সংস্কৃতি, রাজনৈতিক ভাষা এবং বিরোধীদের কৌশল নিয়ে সরব সমালোচনা।
বিজেপিকে নিশানা করে দেব বলেন, বর্তমান সময়ে তাদের নেতাদের বক্তব্যে যে আক্রমণাত্মক ভঙ্গি দেখা যাচ্ছে, তা বাংলার মাটি ও সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। তাঁর কথায়, “বাংলা ভালোবাসা, সম্মান আর সংস্কৃতির জায়গা। এখানে মানুষের মন জয় করেই রাজনীতি করতে হয়।”
মানুষের ঢল প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে জানান, এই বিপুল জনসমাগম আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর প্রতি মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। কেন্দ্রের বিজেপি নেতাদের ঘনঘন বাংলায় আগমন নিয়েও কটাক্ষ শোনা যায় তাঁর গলায়। তিনি বলেন, “পরিস্থিতি দেখে মনে হচ্ছে যেন আন্তর্জাতিক স্তরের লড়াই চলছে—একেবারে ইরান-ইজরায়েল যুদ্ধ-এর মতো আবহ তৈরি করা হচ্ছে। কিন্তু মানুষের আশীর্বাদ যার সঙ্গে, তাকে ভয় পাওয়ার কিছু নেই।”
বিরোধীদের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ খারিজ করে দিয়ে দেবের সাফ বার্তা, বাংলার নির্বাচনে শেষ কথা বলবে এখানকার মানুষই। তাঁর ভাষায়, “বাইরের নেতারা এসে প্রভাব ফেলতে চাইছেন, কিন্তু আগামী ৪ জুন ব্যালট বাক্সেই তার জবাব দেবে মানুষ।”
প্রধানমন্ত্রী থেকে শুরু করে দিল্লির শীর্ষ নেতাদের বাংলায় ঘনঘন উপস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। দেবের অভিযোগ, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হচ্ছে, যা বাংলার রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক।
নির্বাচনের ফলাফল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শোনায় এই তারকা সাংসদকে। তাঁর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় এবার তৃণমূল কংগ্রেস আরও ভালো ফল করবে। অন্তত পাঁচ থেকে দশটি আসন বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
সব মিলিয়ে, নবদ্বীপে দেবের এই রোড শো শুধুমাত্র তারকা আকর্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বরং তা রাজনৈতিক শক্তি প্রদর্শন, জনসংযোগ এবং বার্তা দেওয়ার এক বড় মঞ্চে পরিণত হয়েছে। নির্বাচনের আগে এই ধরনের জমায়েত যে লড়াইকে আরও তীব্র করে তুলছে, তা বলাই বাহুল্য—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।


