বুথ থেকে কৌশল—কলকাতায় বিজেপির রণকৌশল বৈঠকে অমিত শাহ!২৭ এপ্রিল পর্যন্ত থাকবেন কলকাতায়।
কলকাতায় নির্বাচনের প্রাক্কালে তৎপরতা বাড়াল বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী “অমিত শাহ্” এর উপস্থিতিতে শহরে শুরু হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক। তারই মধ্যে বুধবার দীর্ঘ চার ঘণ্টারও বেশি সময় ধরে চলল একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক, যা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে মূলত দ্বিতীয় দফার বিধানসভা কেন্দ্রগুলিকে কেন্দ্র করে কৌশল নির্ধারণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কেন্দ্রগুলির ইনচার্জ, পর্যবেক্ষক এবং প্রবাসী কর্মীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভোটের আগে সাংগঠনিক প্রস্তুতি, বুথস্তরের কাজের অগ্রগতি, প্রচার কৌশল এবং বিরোধীদের মোকাবিলার পরিকল্পনা—এই সব বিষয়েই জোর দেওয়া হয়েছে বলে খবর।
বিশেষভাবে বুথ ম্যানেজমেন্ট এবং ভোটারদের কাছে পৌঁছনোর পরিকল্পনা নিয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি, বিভিন্ন কেন্দ্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খতিয়ে দেখে কোথায় কীভাবে জোর বাড়ানো প্রয়োজন, তা নিয়েও আলোচনা হয়েছে। প্রবাসী কর্মীদের ভূমিকা নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই বৈঠকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের আগে এই ধরনের ম্যারাথন বৈঠক স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, বিজেপি নেতৃত্ব দ্বিতীয় দফার ভোটকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে সংগঠন আরও শক্তিশালী করতে চায় দল।
উল্লেখযোগ্যভাবে, Amit Shah ২৭ এপ্রিল পর্যন্ত কলকাতায় থাকবেন বলে জানা গিয়েছে। এই সময়ের মধ্যে তিনি আরও একাধিক সাংগঠনিক বৈঠক, কর্মী সম্মেলন এবং সম্ভাব্য জনসভায় অংশ নিতে পারেন। ফলে আগামী কয়েকদিন শহর তথা রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।


