নবদ্বীপে সিপিআইএম প্রার্থীর পোস্টার ছেঁড়া ঘিরে উত্তেজনা, রাস্তায় বিক্ষোভে কর্মী-সমর্থকরা

নিজস্ব সংবাদদাতা, নদিয়া:
তীর্থনগরী নবদ্বীপে ফের চড়ল রাজনৈতিক উত্তেজনার পারদ। সিপিআইএম প্রার্থী স্বর্ণেন্দু সিংহের পোস্টার ও ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে শহরের তেঘরি পাড়া এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ওই এলাকায় লাগানো সিপিআইএমের একাধিক পোস্টার ও ব্যানার ছিঁড়ে দেয়। বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মী-সমর্থকেরা। ঘটনাস্থলে জড়ো হয়ে তারা তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের গ্রেপ্তারের দাবি তোলেন।
এই ঘটনায় সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিআইএম নেতৃত্ব। তাদের দাবি, পরিকল্পিতভাবে বিরোধী দলের প্রচারে বাধা সৃষ্টি করতে এবং ভোটের আগে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই এই ভাঙচুর চালানো হয়েছে।
ঘটনার প্রতিবাদে এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মীরা। তেঘরি পাড়া সহ আশপাশের এলাকায় মিছিল করে তারা দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয় বলে জানা গিয়েছে।
এদিকে, সিপিআইএমের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দলের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। দলের স্থানীয় নেতৃত্বের দাবি, রাজনৈতিকভাবে সুবিধা আদায়ের উদ্দেশ্যে ভিত্তিহীন অভিযোগ তুলছে সিপিআইএম।
নির্বাচনের প্রাক্কালে এই ঘটনাকে কেন্দ্র করে নবদ্বীপের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। প্রশাসন পুরো ঘটনার ওপর নজর রাখছে বলে সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *