কুমড়োয় মোদীর মুখ, শরীরজুড়ে প্রতিকৃতি—কৃষ্ণনগরে মোদির সভায় সৃজনশীলতার চমক

দু’ঘণ্টায় কুমড়ো খোদাই, শরীরকে ক্যানভাস বানিয়ে নজর কাড়লেন দুই যুবক—মোদীর সভা ঘিরে অভিনব উদ্যোগে চর্চা
নিজস্ব সংবাদদাতা, নদিয়া:
কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী Narendra Modi-র জনসভা ঘিরে রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি দেখা গেল এক অন্যরকম চিত্র। প্রচারের ভিড়ে নজর কাড়লেন দুই যুবক—তাদের অভিনব ও সৃজনশীল উদ্যোগ মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে।
কৃষ্ণনগরের দিগনগর থেকে আসা এক যুবক মাত্র দু’ঘণ্টার মধ্যে একটি সাধারণ ছুরি ব্যবহার করে কুমড়োর মধ্যে খোদাই করে ফুটিয়ে তুললেন প্রধানমন্ত্রীর মুখাবয়ব। নিখুঁত ও সূক্ষ্ম এই শিল্পকর্ম দেখে মুগ্ধ হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। পেশায় রাঁধুনি ওই যুবক বর্তমানে বেঙ্গালুরুর একটি হোটেলে কর্মরত। ভোট দিতে বাড়ি ফিরে তিনি এই অভিনব উদ্যোগ নেন। তার কথায়, “পুরোপুরি নিখুঁত হয়েছে কিনা জানি না, তবে চেষ্টা করেছি মোদীজিকে ফুটিয়ে তুলতে।”
সভাস্থলে হাতে সেই কুমড়ো নিয়েই উপস্থিত ছিলেন তিনি। সরাসরি দেখা না হলেও অন্তত একবার প্রধানমন্ত্রীর নজরে পড়বে—এই আশাই ছিল তার। সাধারণ একটি ছুরি দিয়ে এত নিখুঁত খোদাই যে সহজ নয়, তা একবাক্যে স্বীকার করেছেন প্রত্যক্ষদর্শীরা।
অন্যদিকে, নদিয়ার চাকদহের বাসিন্দা অরিন্দম সিংহ রায় নিজের শরীরকেই বানিয়েছেন প্রচারের মাধ্যম। গোটা শরীর জুড়ে রঙের প্রলেপ দিয়ে আঁকা হয়েছে Narendra Modi-র প্রতিকৃতি, সঙ্গে লেখা “ভারত মাতা কি জয়” ও “জয় শ্রী রাম”। শরীরের সামনের অংশে তিলকসহ মোদীর মুখ যেমন ফুটে উঠেছে, তেমনই পেছনেও রয়েছে একই চিত্র।
যদিও এই চিত্রকর্মটি তিনি নিজে আঁকেননি—এক শিল্পী বন্ধুর সহযোগিতায় তৈরি হয়েছে এই অনন্য সাজ। ২০১৯ সাল থেকেই এইভাবে শরীরকে ক্যানভাস বানিয়ে মোদীর সমর্থনে প্রচারে অংশ নিচ্ছেন তিনি। বিশেষত্ব হল, শুধুমাত্র মোদীর সভাতেই তিনি এই রূপে হাজির হন।
ফলে সভা শুরুর আগেই তাকে ঘিরে তৈরি হয় ব্যাপক কৌতূহল, উচ্ছ্বাস এবং ভিড়। সাধারণ মানুষ তার সঙ্গে ছবি তুলতে ভিড় জমায়, অনেকেই প্রশংসা করেন এই ব্যতিক্রমী উদ্যোগের।
নির্বাচনী প্রচারে সৃজনশীলতার ছোঁয়া নতুন কিছু নয়, তবে কুমড়োর মধ্যে মুখাবয়ব খোদাই কিংবা শরীর জুড়ে প্রতিকৃতি আঁকার মতো ব্যক্তিগত উদ্যোগ নিঃসন্দেহে বিরল। কৃষ্ণনগরের এই জনসভা তাই শুধুই রাজনৈতিক বার্তায় সীমাবদ্ধ থাকেনি—বরং শিল্প, আবেগ ও ব্যক্তিগত প্রকাশের এক অনন্য মেলবন্ধনের সাক্ষী হয়ে থাকল নদিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *