ভাতা মিললেও ভবিষ্যৎ অন্ধকার! নবদ্বীপে —বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে সরব স্থানীয়রা”
“ভাতা মিললেও ভবিষ্যৎ অন্ধকার! নবদ্বীপে —বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে সরব স্থানীয়রা”
আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে নদিয়ার নবদ্বীপে। তার মধ্যেই এদিন এক ব্যতিক্রমী ছবি ধরা পড়ল শহরের ১৯ ও ২৪ নম্বর ওয়ার্ডে। বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী প্রচারে যেতেই, তৃণমূলের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ যেন উপচে পড়ল।
বৃহস্পতিবার সকালেই প্রতিদিনের মতো প্রচারে বের হন বিজেপি প্রার্থী। এলাকায় পৌঁছাতেই একদিকে যেমন তাঁকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ে, অন্যদিকে দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার কথাও সরাসরি তুলে ধরেন বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, মাসে ১৫০০ টাকা ভাতা মিললেও তা দিয়ে জীবনের স্থায়ী সমাধান হচ্ছে না। সন্তানদের ভবিষ্যৎ ও কর্মসংস্থানের কোনও নিশ্চয়তা নেই। এলাকায় তৈরি হওয়া রাস্তাগুলিও অল্প সময়ের মধ্যেই বেহাল হয়ে পড়ছে।
পাশাপাশি, পানীয় জলের সমস্যাও দীর্ঘদিনের—যা নিয়ে বহুবার জানানো হলেও সমাধান মেলেনি বলে দাবি তাঁদের।
উল্লেখযোগ্যভাবে, সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকাতেও একই সুর শোনা যায়। বিজেপি প্রার্থী এলাকায় পৌঁছাতেই বহু সংখ্যালঘু বাসিন্দাও এগিয়ে এসে নিজেদের সমস্যা তুলে ধরেন এবং উন্নয়নের অভাব নিয়ে সরব হন।
সব অভিযোগ মন দিয়ে শোনার পর শ্রুতি শেখর গোস্বামী এলাকার সার্বিক উন্নয়নের আশ্বাস দেন। তিনি জানান, নির্বাচিত হলে রাস্তা, জল ও কর্মসংস্থানের মতো মৌলিক সমস্যাগুলির দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে।
তবে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট, তৃণমূলের পাঁচবারের বিদায়ী বিধায়ক ও রাজ্য সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে একরাশ ক্ষোভ জমে রয়েছে। সেই ক্ষোভ ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।



