হেরোইন ও বিপুল টাকা-সহ ধরা পড়ল অভিযুক্ত, তৎপর নবদ্বীপ থানার পুলিশ

নবদ্বীপে পুলিশের বড় সাফল্য: হেরোইন-সহ নগদ লক্ষাধিক টাকা উদ্ধার, গ্রেফতার এক!

গোপাল বিশ্বাস, নদীয়া।

নদীয়ার নবদ্বীপে বড়সড় সাফল্য পেল পুলিশ। নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ও বিপুল পরিমাণ নগদ টাকা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বরুণ গায়েণের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী শহরের দক্ষিণাঞ্চলের বিবেকানন্দ কলোনী এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই নন্দন রায় ওরফে মনোতোষ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি নবদ্বীপ পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে।
তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে প্রায় ২৯ গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করে পুলিশ। পাশাপাশি একটি ব্যাগ থেকে মাদক ব্যবসার লেনদেনের সন্দেহে নগদ ২ লক্ষ ৮৭ হাজার টাকা উদ্ধার হয়েছে। এছাড়াও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার তাকে কৃষ্ণনগরের বিশেষ আদালতে পেশ করা হবে এবং তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।
ধৃত ব্যক্তি কোথা থেকে হেরোইন সংগ্রহ করেছিল এবং এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশ প্রশাসনের এই তৎপরতা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *